দিনাজপুর জেলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চুপিসারে একটি গল্প লিখেছিলাম। পরবর্তীতে সেটি জানতে পেরে পরিবারের অনেকেই মন্তব্য করেছিলেন, গল্প লিখে সময় নষ্ট না করে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। আবার অনেকে আমার লেখা পড়ে উৎসাহ দিয়ে বলেছিলেন, লেখায় তোমার হাত তো চমৎকার। পড়াশোনার পাশাপাশি লেখার অভ্যেসটা বজায় রেখ। আমি হতাশ বা উৎসাহিত না হয়ে সবার অগোচরে লিখতে থাকলাম। ঐ সময় স্থানীয় এক প্রতিযোগিতায় আমার লোখা একটি গল্প প্রথম স্থান লাভ করায় ক্রমেই খ্যাতি ছড়িয়ে পড়লে আমার লেখার বিষয়ে জানাজানি হয়ে যায়। আমি মনে মনে অস্বস্তিবোধ করলেও এরপরে আর কোনদিন পরিবারের কারো কাছ থেকে বিরূপ মন্তব্য ও বাধার সম্মুখীন হইনি।সেই যে শুরু তারপর পড়াশোনার পাশাপাশি লেখার অভ্যেসটা বজায় রেখেছিলাম। বর্তমানে এই বাধ্যবাধকতা না থাকায় এবং হাতে অফুরন্ত সময় পাওয়ায় প্রতিনিয়তই স্বতঃস্ফূর্ত আবেগ ও উৎসাহ নিয়ে হৃদয় উজাড় করে অবিরাম লিখে যাচ্ছি। পুলিশে চাকরি করাকালীন এমন অনেক ঘটনা দেখেছি যা অনেকেরই জানা সম্ভব নয়। বরং তা লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। ঐ সমস্ত না জানা সত্য ঘটনা গল্পাকারে লিখে যাচ্ছি। আমার লেখার সার্থকতা তখনই হবে যখন তা পড়ে পাঠকেরা না জানা অনেক ঘটনা জানতে পেরে কিছুটা হলেও উপকৃত হবেন। আর এরই ধারাবাহিকতায় গল্পাকারে বই, ‘এই তো জীবন’ আমার প্রথম প্রয়াস।ড. মির্জা গোলাম সারোয়ার, পিপিএম







Reviews
There are no reviews yet.