গর্ভকালীন ডায়াবেটিস একটি বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা। যদিও এটি ডায়াবেটিসেরই একটি অংশ। এটিকে শনাক্তকরণের জন্য বিশেষভাবে উদ্যোগ নিতে হবে, চিকিৎসার জন্য বিশেষ বিবেচনা রাখতে হবে এবং এতে আক্রান্ত মহিলা, তার পরিবার ও সেবাদানকারী চিকিৎসকদের বিশেষ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করতে হবে। পৃথিবীতে যে সব দেশে গর্ভকালীন ডায়াবেটিস রোগের হার সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ একটি। গর্ভকালীন ডায়াবেটিস গর্ভবতী মহিলার জন্য যতটুকু ঝুঁকি তৈরি করে তার চেয়ে অনেক বেশিগুণ ঝুঁকি তৈরি করে গর্ভস্থ শিশুর ক্ষেত্রে। শিশু ভুমিষ্ঠ হবার পরও তাকে এ ঝুঁকি নিয়েই এগোতে হবে।পৃথিবীতে বর্তমানে সবচেয়ে উচ্চহারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে। এই বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগীর চিকিৎসা ও আরও বেশি সংখ্যক মানুষকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতে এখনই আমাদের সচেতন হওয়া জরুরি। ডায়াবেটিস এমন একটি রোগ যেটিকে প্রতিরোধ করার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু একবার ডায়াবেটিসে আক্রান্ত হলে বাকি জীবন ডায়াবেটিস নিয়েই কাটাতে হবে এবং প্রহর গুণতে হবে যে, কখন ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলো দেখা দেয়। তাই, সকল স্তরের মানুষকে জেনে-বুঝে সচেতনভাবে ডায়াবেটিস প্রতিরোধের কর্মযজ্ঞে নিজের সামর্থ্য অনুসারে অংশগ্রহণ করতে হবে।অন্যদিকে, থায়রয়েডজনিত সমস্যার কারণে অনেক দম্পতি সন্তান ধারণে ব্যর্থ হতে পারে। যাদের থায়রয়েডজনিত সমস্যা আছে তাদের মধ্যে গর্ভপাতের হার অনেক বেশি। গর্ভধারণকারিনীর থায়রয়েড হরমোনজনিত সমস্যা আগে থেকেই থাকতে পারে বা গর্ভকালীন সময়ে শনাক্ত হতে পারে। যেভাবেই হোক, সঠিক চিকিৎসা না হলে মা ও শিশুর জন্য যথেষ্ট ঝুঁকির কারণ থাকবে। মায়ের থায়রয়েড হরমোনের তারতম্য সন্তানকে সরাসরি আক্রমণ করে। এতে সন্তানের দৈহিক ও মানসিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, অঙ্গ-প্রতঙ্গ গঠনে সমস্যা হতে পারে এবং এতে পরিপূর্ণ মেধাবী মানুষ পাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। বাংলাদেশে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ থায়রয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত হলেও মহিলারাই বেশি হারে ভোগান্তির শিকার। যদিও আমাদের কাছে সঠিক হিসাব নেই, বাংলাদেশে মহিলারা সবচেয়ে বেশি হাইপোথায়রয়েডিজমে আক্রান্ত, যেটি গর্ভকালকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ঠেলে দেয়। থায়রয়েডজনিত সমস্যাগুলোর প্রায় সবই হয় প্রতিরোধযোগ্য অথবা নিরাময়যোগ্য। এর জন্য প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ। আর সন্তান ধারণের পরিকল্পনার শুরুতেই মায়ের থায়রয়েড হরমোনের অবস্থা (পরীক্ষা করে নিশ্চিত হওয়া) জেনে নিতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই।এ বইটি সন্তান ধারণ করতে আগ্রহী মহিলাদের, তাদের পরিবারের সদস্যদেরসহ বাংলা ভাষাভাষী মানুষদেরকে গর্ভধারণ পূর্ববর্তী পরিকল্পনা, গর্ভকালীন সময়ে ডায়াবেটিস ও থায়রয়েডের সমস্যায় করণীয় এবং সন্তান প্রসব পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।







Reviews
There are no reviews yet.